খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করলেন নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়।
- আপডেট সময় : ১০:৩৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ১০৬ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি খালেদা জিয়াকে ‘বিশিষ্ট জননেত্রী’ হিসেবে উল্লেখ করে শোক জানান।
মমতা বন্দ্যোপাধ্যায় তার পোস্টে লেখেন,
“বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং একজন বিশিষ্ট জননেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি শোকাহত। আমি তার পরিবার, বন্ধুবান্ধব এবং অনুগামীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”
এর আগে একই দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে শোকবার্তা দেন। মোদি লেখেন,
“বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।”
মোদি আরও উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। তিনি ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে নিজের সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেন এবং তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার দুই দেশের অংশীদারিত্বকে পথ দেখাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শোকবার্তার শেষাংশে তিনি খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে কলকাতার ইন্দো-বাংলা প্রেস ক্লাবও। সংগঠনটির ফেসবুক ও এক্স পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়,
“বাংলাদেশের রাজনীতির আকাশে নক্ষত্র পতন ঘটেছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।”
সংগঠনের মুখপাত্র দীপক দেবনাথ জানান, সাবেক প্রধানমন্ত্রীর স্মরণে আগামী ৩ জানুয়ারি কলকাতার ইন্দো-বাংলা প্রেস ক্লাবে একটি স্মরণসভার আয়োজন করা হবে।










