গাইবান্ধা-৩ আসনে এনসিপি প্রার্থী নাজমুল হাসান সোহাগের উঠোন বৈঠক অনুষ্ঠিত
গাইবান্ধা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের মনোনীত প্রার্থী ও এনসিপি কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ এক প্রাণবন্ত উঠোন বৈঠক করেছেন। শুক্রবার সাদুল্লাপুর উপজেলার ৭নং ইদুলপুর ইউনিয়নের কাবিলপুর–সোনাতলা গ্রামে অনুষ্ঠিত এ বৈঠকে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ অংশ নেন।
উঠোন বৈঠকে এলাকার গণমান্য ব্যক্তি, নারী-পুরুষ, যুবসমাজসহ বিভিন্ন বয়সী ভোটাররা উপস্থিত ছিলেন।
বক্তব্যে নাজমুল হাসান সোহাগ বলেন—
“গাইবান্ধা-৩ আসনকে উন্নয়ন, শান্তি ও নাগরিক অধিকারের একটি মডেল আসনে গড়ে তুলতে এনসিপি বদ্ধপরিকর। জনগণের মতামত ছাড়া কোনো উন্নয়নই টেকসই নয়, তাই সকলকে সঙ্গে নিয়েই আমরা পথ চলতে চাই।”
তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে তাঁর নির্বাচনি অঙ্গীকার হিসেবে তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে জনগণের সঙ্গে সমন্বিতভাবে তা সমাধানের আশ্বাস দেন।
বৈঠকে উপস্থিত বক্তারা নাজমুল হাসান সোহাগের প্রার্থীতা স্বাগত জানিয়ে বলেন,
“দীর্ঘদিনের অবহেলিত এলাকায় প্রকৃত উন্নয়ন ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য একজন সক্ষম তরুণ নেতার প্রয়োজন। আমরা সেই সম্ভাবনা সোহাগের মধ্যেই দেখি।”
উঠোন বৈঠক শেষে স্থানীয়দের মাঝে নির্বাচনি উদ্দীপনা আরও বেড়ে যায় এবং প্রার্থী সোহাগকে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।











