কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে ওবায়দুল কাদের, অবস্থা সংকটজনক।
- আপডেট সময় : ০৪:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ২৬২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
জুলাই আন্দোলনের পর ভারতে অবস্থান নেওয়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। বর্তমানে তাকে ভারতের কলকাতার বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে আইসিইউতে রেখে ভেন্টিলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত একাধিক জটিল রোগে ভুগছিলেন ওবায়দুল কাদের। শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন। কলকাতার নিউ টাউনে একটি ভাড়া বাসায় অক্সিজেন সাপোর্টে তার চিকিৎসা চলছিল।
সূত্রের তথ্য অনুযায়ী, গত শুক্রবার (২ জানুয়ারি) হঠাৎ করেই তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। একপর্যায়ে তিনি প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়লে দ্রুত তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পরপরই চিকিৎসকরা তার অবস্থা গুরুতর বিবেচনা করে তাকে ভেন্টিলেশনে নেওয়ার সিদ্ধান্ত নেন।
হাসপাতাল সূত্র আরও জানায়, চিকিৎসায় তিনি কিছুটা সাড়া দিচ্ছেন। তবে তার শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক ও সংকটজনক পর্যায়ে রয়েছে। রোগনির্ণয়, চিকিৎসা পদ্ধতি কিংবা ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।










