নির্বাচনকালীন প্রতিশ্রুতির অংশ হিসাবে আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ।
- আপডেট সময় : ০৭:৩৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ১৩৫ বার পড়া হয়েছে

নির্বাচনকালীন প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র অবস্থান পরিবর্তন করা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান বাংলাদেশে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এ দেশের মানুষের কাছে সরকার জবাবদিহি করতে বাধ্য।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানী টেলিফোন ও টেলিগ্রাফ বিভাগের খেলার মাঠে ‘ফ্যামিলি কার্ড’-এর পরীক্ষামূলক বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। নারীদের ক্ষমতায়ন সম্ভব না হলে দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, বিএনপি এর আগে ক্ষমতায় থাকাকালে দেশনেত্রী খালেদা জিয়া নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। এখন নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বচ্ছল করতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, সরকার ক্ষমতায় আসার আগেই নারীদের ক্ষমতায়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পরিকল্পনা করা হয়েছিল। তারই অংশ হিসেবে সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এই পরীক্ষামূলক প্রকল্পে ইতোমধ্যে ৩৭ হাজার নারী অংশগ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী জানান, কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকায় প্রায় ১৫ হাজার নারীকে এদিন ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে দেশের প্রায় ৪ কোটি পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে সবাইকে এ সুবিধা দেওয়া সম্ভব হবে।
কৃষক কার্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারের আরেকটি প্রতিশ্রুতি ছিল কৃষি কার্ড চালু করা। এর বাস্তবায়নও শুরু হয়েছে। যেসব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ রয়েছে, সুদসহ সেই ঋণ মওকুফ করার ঘোষণা দেওয়া হয়েছিল এবং গত সপ্তাহেই তা বাস্তবায়ন করা হয়েছে। আগামী মাসের মধ্যে কৃষকদের কাছেও কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।










