খালেদা জিয়ার জানাজায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার।
- আপডেট সময় : ১২:৩৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ১৮০ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, খালেদা জিয়ার জানাজায় আনুষ্ঠানিকভাবে অংশ নিতে ইসহাক দার বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাবেন। সফরকালে তিনি প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
এর আগে সকালে ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বাংলাদেশের জনগণের প্রতি খালেদা জিয়ার আজীবন ত্যাগ, পাশাপাশি দেশের সমৃদ্ধি ও উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন।










