সাদুল্লাপুরে ‘পার্টনার কংগ্রেস–২০২৬’ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:২০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১৩০ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ রূপান্তরের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টায় সাদুল্লাপুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই কংগ্রেসে সহযোগিতা করে বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি। ২০২৫–২৬ অর্থবছরের ‘পার্টনার’ প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিত করা এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর কৃষিবিদ তৌফিক আরিফিন।
বক্তারা বলেন, সরকার কৃষিকে আধুনিক ও বাণিজ্যিক খাতে রূপান্তরের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকরা শুধু উৎপাদনেই সীমাবদ্ধ থাকবেন না; বরং দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন।
এ সময় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, বাজারজাতকরণ উন্নয়ন এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিশেষ অতিথিরা জানান, এই প্রকল্প গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং কৃষক–কৃষাণীরা অংশ নেন। তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।










