জিয়া উদ্যান সর্বসাধারণের জন্য উন্মুক্ত, খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল
- আপডেট সময় : ০৭:৪৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ১৫২ বার পড়া হয়েছে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সাধারণ মানুষের প্রবেশের অনুমতি দেওয়া হয়।
সমাধিস্থল উন্মুক্ত হওয়ার খবরে সকাল থেকেই সাধারণ মানুষসহ বিএনপির নেতা-কর্মীরা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যান এলাকায় ভিড় করেন। তবে সংস্কার কাজ চলমান থাকায় উদ্যানের ভেতরে প্রবেশ বন্ধ থাকায় অনেককে বিজয় স্মরণী মোড়ে উদ্যানের প্রবেশমুখে ব্যারিকেডে অপেক্ষা করতে দেখা যায়। সমাধিস্থলে প্রবেশ করতে না পেরে অনেকে সড়কের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
পরে দুপুরে উদ্যান উন্মুক্ত করে দেওয়া হলে দর্শনার্থীরা সমাধিস্থলে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করেন। উদ্যান এলাকায় সার্বিক নিরাপত্তায় পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতিব আবদুল মালেকের ইমামতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল পৌনে ৫টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। এর আগে ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে নিউমোনিয়াসহ কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসজনিত পুরোনো জটিলতা বেড়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়, যেখানে মৃত্যুর আগ পর্যন্ত তিনি চিকিৎসাধীন ছিলেন।










