প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি, সময়সূচি ও প্রবেশপত্র প্রকাশ।
- আপডেট সময় : ০৯:৪২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ২৩৭ বার পড়া হয়েছে

নিউজ:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র–সংক্রান্ত সংশোধিত নির্দেশনা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এতে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে উপস্থিত হওয়া এবং পরীক্ষার সব নিয়ম কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
ডিপিই জানায়, আগামী শুক্রবার (২ জানুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থীদের আবেদনে উল্লেখিত মোবাইল নম্বরে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস পাঠানো হবে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে admit.dpe.gov.bd ওয়েবসাইটে Username ও Password অথবা এসএসসির রোল, বোর্ড ও পাসের সাল ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্র (মূল এনআইডি/স্মার্টকার্ড) সঙ্গে রাখা বাধ্যতামূলক।
পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, বই, নোট, কাগজপত্র, ক্যালকুলেটর, পার্স, হাতঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করলে তাৎক্ষণিক বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।










