দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার।
- আপডেট সময় : ০১:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ১৪৫ বার পড়া হয়েছে

দলীয় নির্দেশনা অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সমস্ত পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি চলমান জাতীয় সংসদ নির্বাচনে শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছাড় দেয় বিএনপি। ওই আসনে জোটের প্রার্থী হয়েছেন জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলটির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা।
মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি দল থেকে পদত্যাগের কথাও জানান। এ বিষয়ে গণমাধ্যমে রুমিন ফারহানা বলেন, “যদি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়, দল অবশ্যই ব্যবস্থা নেবে—আমি তো বাধা দিতে পারব না। তবে মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব।”










