রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় স্মার্ট চশমায় নকল: চাঞ্চল্যকর ঘটনা।
- আপডেট সময় : ০৫:২০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / ১৫০ বার পড়া হয়েছে

রংপুর প্রতিনিধি :
রংপুরে একটি ঐতিহ্যবাহী কলেজে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অভিনব ও চাঞ্চল্যকর নকলের ঘটনা ধরা পড়েছে। পরীক্ষাকেন্দ্রের প্রশাসনিক ভবনে দায়িত্ব পালনরত এক শিক্ষকের তৎপরতায় উন্মোচিত হয় অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর প্রতারণা।
ডিউটির সময় ওই শিক্ষক লক্ষ্য করেন, এক পরীক্ষার্থী মোটা ফ্রেমের চশমা পরে অস্বাভাবিক আত্মবিশ্বাস ও ফুরফুরে ভঙ্গিতে পরীক্ষা দিচ্ছেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি পরীক্ষার্থীর চশমাটি খুলে কানে লাগান। এ সময়ই তিনি বিস্মিত হয়ে পড়েন—চশমা থেকেই ভেসে আসে এক নারীর কণ্ঠ, যেখানে একের পর এক প্রশ্নের সঠিক উত্তর বলে দেওয়া হচ্ছিল। এমনকি মাঝে মাঝে গানও শোনা যাচ্ছিল।
ঘটনাটি নিশ্চিত হওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়। তারা ঘটনাস্থলে এসে অভিযুক্ত পরীক্ষার্থীকে আটক করে নিয়ে যান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরীক্ষার্থীটি একটি অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস সংযুক্ত স্মার্ট চশমা ব্যবহার করছিল, যার মাধ্যমে বাইরে থেকে অডিও সিগন্যাল পাঠিয়ে পরীক্ষায় নকল করা হচ্ছিল।
ডিউটিরত শিক্ষক বলেন,
“আমার শিক্ষকতা জীবনে এমন অভিজ্ঞতা এই প্রথম। এখন চশমা শুধু দেখার জন্য নয়—চশমা দিয়েই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে। এটি পরীক্ষার স্বচ্ছতার জন্য ভয়ংকর হুমকি।”
তিনি আরও বলেন,
“বেকার তরুণদের সঙ্গে প্রতারণা না করে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা জরুরি। শিক্ষক নিয়োগ পরীক্ষায় এ ধরনের প্রযুক্তিনির্ভর নকল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। পরীক্ষায় প্রযুক্তিগত জালিয়াতি রোধে নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন শিক্ষক ও সচেতন মহল।










