ডাকসু নির্বাচনে সময়মতো ভোটের দাবিতে শিবির–সমর্থিত জোটের সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৫:০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১৭০ বার পড়া হয়েছে
ফরহাদ আরও বলেন, “ডাকসু নিয়ে অনেক অভিযোগ ও পাল্টাপাল্টি মন্তব্য হয়েছে। এসব বাদ দিয়ে আমাদের উচিত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। শিক্ষার্থীরা যেন অবাধে ভোট দিতে পারে, সেটিই বড় কথা। বিজয়ী প্রার্থী শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কাজ করবেন।”

ডাকসু নির্বাচনে সময়মতো ভোটের দাবিতে শিবির–সমর্থিত জোটের সংবাদ সম্মেলন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শিক্ষার্থীদের আত্মার সঙ্গে মিশে আছে—এ মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর জিএস প্রার্থী এস এম ফরহাদ। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমন্বিতভাবে একমত যে ডাকসু সময়মতো হতে হবে। কেউ যদি এই নির্বাচন বানচালের চেষ্টা করে, তাদের আর অস্তিত্ব থাকবে না।”
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের সাম্প্রতিক আদেশ এবং প্যানেলের প্রচারণা কার্যক্রম নিয়ে তথ্য জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতে আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী জসীমউদ্দিন খান এবং সদস্য পদপ্রার্থী রায়হান উদ্দীন বক্তব্য দেন। পরে প্যানেলের পক্ষে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন ফরহাদ।
তিনি বলেন, হাইকোর্টে তাঁর বিরুদ্ধে যে রিট হয়েছিল, তার রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। “এই রিটে কেউ জেতেনি বা হারেনি—মূল বিষয় হলো, ডাকসু নির্বাচন সময়মতো হচ্ছে। এতে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হয়েছে।”
ফরহাদ আরও বলেন, “ডাকসু নিয়ে অনেক অভিযোগ ও পাল্টাপাল্টি মন্তব্য হয়েছে। এসব বাদ দিয়ে আমাদের উচিত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। শিক্ষার্থীরা যেন অবাধে ভোট দিতে পারে, সেটিই বড় কথা। বিজয়ী প্রার্থী শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কাজ করবেন।”
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, রিটকারী প্রার্থীকে ঘিরে যে ঘটনা ঘটেছে, সেটি নিয়ে বিভিন্ন পক্ষ রাজনীতি করার চেষ্টা করেছে। তবে তাঁরা সঙ্গে সঙ্গে লিখিত অভিযোগ জমা দেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও প্রাথমিক ব্যবস্থা নেয়। নারী শিক্ষার্থীদের হয়রানির বিষয়ে শূন্য সহনশীলতার (জিরো টলারেন্স) অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
এছাড়া ক্যাম্পাসের ছাত্রী হলগুলোতে ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও দাবি করেন ফরহাদ। তিনি বলেন, “হলভিত্তিক প্রজেকশন মিটিংয়ে ছাত্রীদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে। তারা নানা পরামর্শ দিচ্ছেন, আমরা তা গুরুত্ব সহকারে বিবেচনা করছি। তাদের উদ্বেগগুলোকেও সমাধানের চেষ্টা করছি।”









