ঈদের আগেই চালু হচ্ছে বিএনপির ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প: সমাজকল্যাণমন্ত্রী
- আপডেট সময় : ০৯:০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প বাস্তবায়নে দ্রুত কার্যক্রম শুরু করেছে সরকার। প্রকল্পটির মাধ্যমে দেশের নারীদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ সহায়তা দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে প্রকল্পটির রোডম্যাপ নির্ধারণ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, ফ্যামিলি কার্ড বিএনপির একটি নতুন ও যুগান্তকারী উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমান আড়াই বছর আগে থেকেই এই প্রকল্পের পরিকল্পনা করে আসছেন। সরকার গঠনের পর এখন সেটি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, “আমরা আশা করছি, পবিত্র ঈদের আগেই এই প্রকল্পের কার্যক্রম শুরু করা সম্ভব হবে।”
কতজন নারী এবং কত টাকা ঈদের আগে দেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “টাকার অঙ্ক এখনো চূড়ান্ত হয়নি। তবে বর্তমানে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে মানুষ যে পরিমাণ সুবিধা পাচ্ছেন, তার চেয়ে এই সহায়তা বেশি হবে।”
মন্ত্রী আরও বলেন, “সকালবেলা ঘুম থেকে উঠেই সবকিছু বদলে যাবে—এমন আশা করা বাস্তবসম্মত নয়। পরিবর্তনের জন্য ধৈর্য ধরতে হবে।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে দেশের মোট নারীর অন্তত অর্ধেককে এই প্রকল্পের আওতায় আনা সম্ভব হবে।










