আগামী সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: গাইবান্ধার সাংবাদিকদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি
- আপডেট সময় : ০৬:০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ১৫৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে গাইবান্ধা জেলায় দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য অ্যাক্রেডিটেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন ও গণভোট সংক্রান্ত সংবাদ সংগ্রহ ও প্রচারের সুবিধার্থে জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সাংবাদিকদের জন্য পরিচয়পত্র/অ্যাক্রেডিটেশন প্রদান করা হবে। এ জন্য জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী সাংবাদিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের অফিসিয়াল প্যাডে আগামী ৫ ফেব্রুয়ারি-র মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, প্রেস আইডি কার্ড, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদনপত্র সংযুক্ত করতে হবে। আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় অথবা রিটার্নিং অফিসারের দপ্তরে জমা দিতে হবে।
জেলা প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে, যাচাই-বাছাই শেষে যোগ্য সাংবাদিকদের নির্বাচনকালীন সংবাদ সংগ্রহের অনুমোদন দেওয়া হবে। দায়িত্ব পালনকালে নির্বাচন কমিশনের আচরণবিধি ও প্রচলিত আইন যথাযথভাবে অনুসরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।










