ইংরেজি নববর্ষে প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান তারেক রহমানের।
- আপডেট সময় : ০৭:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / ২২৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :
ইংরেজি নববর্ষ-২০২৬ উপলক্ষ্যে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি নতুন বছরে ভালোবাসা, পরমতসহিষ্ণুতা ও শান্তির ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
বাণীতে তারেক রহমান বলেন, ইংরেজি নববর্ষ শুধু একটি আনুষ্ঠানিক উৎসব নয়; এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনার প্রতিচ্ছবি। ১ জানুয়ারি আজ একটি আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে, যেখানে বিভিন্ন জাতি ও সংস্কৃতি নিজস্ব স্বাতন্ত্র্য বজায় রেখেও ঐক্যবদ্ধ হতে পারে।
ফেলে আসা বছরের কথা স্মরণ করে তিনি বলেন, ২০২৫ সাল অর্জন ও সাফল্যের পাশাপাশি প্রিয়জন হারানোর বেদনা এবং নানা তিক্ত অভিজ্ঞতার স্মৃতি বহন করে। এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন বছরে প্রধান অঙ্গীকার হওয়া উচিত একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা। পাশাপাশি জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে গণতন্ত্র পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, দীর্ঘদিন ধরে একটি গণবিরোধী শক্তি জনগণের মৌলিক অধিকার হরণ করে রেখেছিল। এখন সময় এসেছে সব গণতান্ত্রিক শক্তির সম্মিলিত প্রচেষ্টায় বহুদলীয় গণতন্ত্রের পথ সুপ্রশস্ত করার।
বাণীর শেষাংশে তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ার আহ্বান জানান। তিনি বলেন, নতুন বছর যেন সবার জীবনে নতুন আশার আলো জ্বালায় এবং বাংলাদেশ থেকে চিরতরে দূর হয়ে যায় অন্যায়, উৎপীড়ন ও নির্যাতন। একই সঙ্গে তিনি মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।










