বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ, বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা।
- আপডেট সময় : ১০:৩২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / ১৪৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৬ (সদর) সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ ঘোষণা দেন।
অন্যদিকে, বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) সংসদীয় আসনে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র সংশ্লিষ্ট সব ধরনের নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে একই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান।
রিটার্নিং কর্মকর্তা জানান, বগুড়া-৬ আসনে তারেক রহমানের দাখিলকৃত মনোনয়নপত্রে কোনো ধরনের আইনগত ত্রুটি পাওয়া যায়নি। এ কারণে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
খালেদা জিয়ার মনোনয়নপত্র প্রসঙ্গে তিনি বলেন,
“বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর সকাল ৬টায় মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুজনিত কারণে দাখিলকৃত মনোনয়নপত্রের বিষয়ে সব ধরনের নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হলো।”
বগুড়া-৬ আসনের রাজনৈতিক প্রেক্ষাপট
দলীয় সূত্রে জানা যায়, ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত সব জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন বিএনপির দখলে ছিল। এর মধ্যে ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত চারবার সংসদ সদস্য নির্বাচিত হন বেগম খালেদা জিয়া।
২০১৪ সালে এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় পার্টির নুরুল ইসলাম বিজয়ী হন। ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হলেও শপথ না নেওয়ায় উপনির্বাচনে বিএনপির গোলাম মো. সিরাজ সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি পদত্যাগ করলে আরেক উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান বিজয়ী হন। ২০২৪ সালের নির্বাচনেও তিনি জয় লাভ করেন।
এবার বিএনপি এই আসনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রার্থী করেছে।
বগুড়া-৭ আসনের ইতিহাস
বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি অবস্থিত। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো বগুড়া-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে প্রতিবারই তিনি আসনটি ছেড়ে দেওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
তিনটি উপনির্বাচনে খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার এবং ২০০৮ সালের উপনির্বাচনে দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য মওদুদ আহমদ সংসদ সদস্য নির্বাচিত হন।
এবার বগুড়া-৭ আসনে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।










