তারেক রহমানের উত্তরবঙ্গ সফর: প্রথম গন্তব্য বগুড়া, দ্বিতীয় রংপুর।
- আপডেট সময় : ০৭:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ৩৩০ বার পড়া হয়েছে

ঢাকা সংবাদ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ সফরে যাচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, এই সফরে তাঁর প্রথম গন্তব্য হবে নিজ পৈতৃক জেলা বগুড়া। এরপর তিনি রংপুর জেলার পীরগঞ্জে যাবেন।
দলটির এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করে জানান, এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে স্থানীয় নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করা এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সরেজমিনে মূল্যায়ন করা।
আঞ্চলিক রাজনৈতিক সূত্র জানায়, সফরকালে তারেক রহমান কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি তিনি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন এবং রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনা দেবেন।
দলের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, এই সফর স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করবে। বিশেষ করে বগুড়া ও রংপুর অঞ্চলে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে এ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
তবে সফরের নির্দিষ্ট তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।










