শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও জনসভায় বক্তব্য আজ: তারেক রহমান
- আপডেট সময় : ০৮:১৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / ৯০ বার পড়া হয়েছে

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও জনসভায় বক্তব্য আজ: তারেক রহমান
দীর্ঘ দুই যুগ পর রংপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে তিনি পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং রংপুর নগরীতে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
বিএনপি সূত্রে জানা গেছে, আজ বিকেল ৩টা ৪৫ মিনিটে বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে গিয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর তিনি রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। বিকেল সাড়ে ৪টার দিকে জনসভা শুরু হওয়ার কথা রয়েছে।
জনসভাকে কেন্দ্র করে রংপুরজুড়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নগরীতে আসতে শুরু করেছেন। জুমার নামাজের পর জনসমাগম আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, কালেক্টরেট ঈদগাহ মাঠে মঞ্চ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। জনসভা এলাকায় একাধিক ডিজিটাল এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে, যাতে দূরবর্তী স্থান থেকেও বক্তব্য দেখা ও শোনা যায়। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মাইক ও স্ক্রিন বসানো হয়েছে।
জনসভাকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মহানগর পুলিশ জানিয়েছে, পুরো এলাকায় তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশ ও রুফটপে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। নগরীর বিভিন্ন তল্লাশিচৌকিতে নজরদারি জোরদার করা হয়েছে।
মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, জনসভা এলাকা ও চলাচলের পথগুলো নিরাপদ রাখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে রংপুর চেম্বার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, নির্বাচনকে সামনে রেখে রংপুর অঞ্চলে বিএনপির পক্ষে গণজাগরণ তৈরি হয়েছে, যার প্রতিফলন এই জনসভায় দেখা যাবে।
তিনি আরও বলেন, বৃহত্তর রংপুর দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বিমানবন্দর চালু, ভারী শিল্পে গ্যাস সংযোগ, কৃষিভিত্তিক শিল্প স্থাপন, অর্থনৈতিক অঞ্চল গঠন এবং শহীদ আবু সাঈদের নামে একটি বড় প্রতিষ্ঠান স্থাপনসহ একাধিক দাবি তারেক রহমানের কাছে উপস্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, রাজশাহী থেকে উত্তরাঞ্চল সফর শুরু করেন তারেক রহমান। এর আগে তিনি রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় পৃথক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।










