গাইবান্ধায় এক সপ্তাহে মিলেছে ১৫ মরদেহ
- আপডেট সময় : ০৬:৫৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ২০১ বার পড়া হয়েছে

গাইবান্ধায় এক সপ্তাহে মিলেছে ১৫ মরদেহ
গাইবান্ধা সংবাদদাতা:
গাইবান্ধা জেলায় গত এক সপ্তাহে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে মোট ১৫টি মরদেহ। হত্যাকাণ্ড, আত্মহত্যা, দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগ—বিভিন্ন ঘটনায় এ মৃত্যুগুলো ঘটেছে। একের পর এক মৃত্যুর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের গুমানিগ্রাম এলাকায় শিউলি বেগম (৩২) নামের এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, তার স্বামী ধারালো অস্ত্র দিয়ে পা ও গলা কেটে তাকে হত্যা করে।
এর আগের দিন সদর উপজেলায় ঘটে যায় আরেকটি মর্মান্তিক ঘটনা। প্রেমে ব্যর্থ হয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষিকা তাসমিন আরা নাজ নদীতে ঝাঁপিয়ে আত্মহত্যা করেন। নদী থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়।
এছাড়া, পলাশবাড়ী উপজেলায় শাহিনা বেগম (৪০) নামের এক বিধবা নারী ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যা করেছেন। পরিবার জানায়, দীর্ঘদিন ধরে মানসিক অশান্তি ও দুঃখ-কষ্টে ভুগছিলেন তিনি।
এদিকে, জেলার অন্য উপজেলাগুলোতেও ঘটেছে বেশ কয়েকটি মৃত্যু। বজ্রপাতে প্রাণ হারিয়েছেন তিনজন কৃষক। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন আরও দুজন। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত চারজন, আর পানিতে ডুবে মারা গেছে দুই শিশু।
সব মিলিয়ে গত সাত দিনে গাইবান্ধার বিভিন্ন এলাকায় মোট ১৫টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় হত্যা ও আত্মহত্যা সংক্রান্ত একাধিক মামলা হয়েছে। স্থানীয় প্রশাসন বলছে, প্রতিটি ঘটনার তদন্ত চলছে।
জেলা পুলিশের একজন কর্মকর্তা বলেন, “এ ধরনের মৃত্যুগুলোকে আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি। হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে আত্মহত্যা রোধে সামাজিক সচেতনতা বাড়ানো প্রয়োজন।”
স্থানীয় সমাজকর্মীরা মনে করছেন, পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ, আর্থিক টানাপোড়েন ও মানসিক অবসাদ থেকেই অনেক আত্মহত্যার ঘটনা ঘটছে। তারা পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
এভাবে এক সপ্তাহে টানা ১৫ জনের মৃত্যুতে গাইবান্ধার সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া।










