জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ ইসির।
- আপডেট সময় : ০৬:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ১৫৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের পেশাজীবী ও অন্যান্য সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ সময়ের মধ্যে নির্বাচনী পরিবেশকে যেকোনো ধরনের প্রভাব ও বিভ্রান্তি থেকে মুক্ত রাখতে কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি (চেম্বার অব কমার্স), সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ অন্যান্য সব নিবন্ধিত ও অনিবন্ধিত সংগঠনের নির্বাচন এই সময়ের মধ্যে আয়োজন করা যাবে না।
নির্বাচন কমিশনের মতে, এসব সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হলে জাতীয় নির্বাচন ও গণভোটের পরিবেশ প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে। তাই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।










