বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক, তারেক রহমানকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান ঘোষণার সম্ভাবনা।
- আপডেট সময় : ০৩:০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / ১৩৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডেকেছে। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়ার বিষয়টি আলোচনায় আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আজ শুক্রবার রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, এটি দলের নিয়মিত শিডিউলভুক্ত বৈঠক নয় এবং আকস্মিকভাবেই বৈঠকটি ডাকা হয়েছে।
দলীয় সূত্রে আরও জানা গেছে, বৈঠকের জন্য কোনো নির্দিষ্ট এজেন্ডা আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়নি। তবে রাজনৈতিকভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। কারণ এই বৈঠকেই তারেক রহমানকে বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির চেয়ারম্যান পদ শূন্য রয়েছে। এরপর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তারেক রহমান।
এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, “দু-একদিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে।” তার এই বক্তব্যের পর থেকেই দলীয় অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছিল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের বৈঠক বিএনপির নেতৃত্ব কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে।










