মোটরসাইকেলে এসে শিবির নেতাকে গু-লি, ঘটনাস্থলেই মৃ*ত্যু।
- আপডেট সময় : ০৫:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / ২৭১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তদের গুলিতে ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতা জামাল উদ্দিন (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় নাছির নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘীরপাড় এলাকায় এ সশস্ত্র হামলার ঘটনা ঘটে।
লেলাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে জামাল উদ্দিনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জামালের মৃত্যু হয়। হামলায় নাছির নামে অপর একজন আহত হন।
তিনি আরও জানান, ঘটনার পরপরই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বলেন,
“দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।”
এই প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।










