আজ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু।
- আপডেট সময় : ০৬:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ১৪১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। নির্বাচনি তপশিল অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।
এর আগে বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের ২৯৮টি সংসদীয় আসনে রিটার্নিং কর্মকর্তারা মোট ১ হাজার ৯৭৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনি মাঠে নামার সব আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, প্রতীক বরাদ্দ দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্ট আসনে প্রার্থীর সংখ্যা সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনে পাঠাবেন। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা সংবলিত ফরম-৫ পূরণ করে দাখিল করা হবে। এসব তথ্যের ভিত্তিতেই ব্যালট পেপার ছাপানোর কার্যক্রম শুরু হবে।
তিনি আরও জানান, প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ায় আজ থেকেই ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হতে পারে। পাশাপাশি প্রতীক পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রার্থীরা আইনি ভাবে নির্বাচনি প্রচার-প্রচারণা চালানোর সুযোগ পাচ্ছেন।
ইসি সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে ৩০০ সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৭২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হলে প্রাথমিকভাবে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৮৫৮ জনে।
রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল গ্রহণ করা হয়। এ সময় ৬৩৯ জন প্রার্থী আপিল করেন। পরে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত একটানা আপিল শুনানি শেষে ৬৪৫ জনের আপিল গ্রহণ করা হয়, যার মাধ্যমে ৪৩১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান।
তবে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে ব্যতিক্রমী পরিস্থিতির সৃষ্টি হয়। আগের তপশিল অনুযায়ী বৈধ ঘোষিত ১১ জন প্রার্থী চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েন। এ কারণে ভোটের তারিখ অপরিবর্তিত রেখে ওই দুই আসনে নতুন করে তপশিল ঘোষণা করা হয়। সংশোধিত তপশিল অনুযায়ী গত ১৮ জানুয়ারি ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন পাবনা-১ আসনে সাতটি এবং পাবনা-২ আসনে পাঁচটি মনোনয়নপত্র জমা পড়ে।
নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট, যেখানে ভোটাররা ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে নিজেদের মতামত প্রকাশ করবেন।
এদিকে নির্বাচন ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রচারণা শুরু হওয়ার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে নির্বাচনি উত্তাপ ছড়িয়ে পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।










