পাথর ভেবে ১০ বছর কাপড় ধোয়া হলো বোমার ওপর, উদ্ধার করল পুলিশ
- আপডেট সময় : ০৬:২৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ১৭৭ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের রামু উপজেলায় চাঞ্চল্যকর এক ঘটনায় প্রায় এক দশক ধরে পাথর ভেবে ব্যবহৃত একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে স্থানীয়রা ওই বস্তুর ওপর কাপড় ধুয়ে আসছিলেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা তচ্ছাখালী এলাকার ৮ নম্বর ওয়ার্ডে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে নিরাপদ স্থানে সংরক্ষণ করে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া রোববার (২৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত কোনো অবিস্ফোরিত অথবা অকার্যকর বোমা হতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন,
“বোমাটি যেখানে রাখা হয়েছে, সেখানে সার্বক্ষণিক নজরদারি চলছে। ইতোমধ্যে সেনাবাহিনীকে বিষয়টি জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বোমাটির কার্যকারিতা এবং এর ভেতরে কোনো বিস্ফোরক আছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। জননিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১০ বছর আগে ওই এলাকার একটি পুকুর খননের সময় বস্তুটি পাওয়া যায়। পাথর মনে করে সেটি পুকুরের পাশে ফেলে রাখা হয়। এরপর থেকে সেটির ওপর দাঁড়িয়ে নিয়মিত কাপড় ধোয়ার কাজে ব্যবহার করা হচ্ছিল।
রামুর ইতিহাস গবেষক ও আইনজীবী শিরূপন বড়ুয়া বলেন,
“বস্তুটির আকৃতি দেখেই ধারণা করা যায় এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা হতে পারে। ঐতিহাসিকভাবে জানা যায়, সে সময় জাপানি বাহিনী এই অঞ্চলে যুদ্ধ পরিচালনা করেছিল এবং এ ধরনের বোমা ব্যবহার করত। যদি এর মধ্যে বিস্ফোরক থেকে থাকে, তাহলে অবশ্যই এটি নিষ্ক্রিয় করতে হবে। আর বিস্ফোরক না থাকলে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে সংরক্ষণ করা যেতে পারে, কারণ এটি রামুর ইতিহাসের অংশ।”
এ ঘটনায় এলাকায় একদিকে কৌতূহল, অন্যদিকে আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।










