ফেব্রুয়ারিতে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা যুক্তরাষ্ট্রের।
- আপডেট সময় : ১২:৫৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / ১৪৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :
বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করে ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার এই আশাবাদ ব্যক্ত করেন।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তুজা জানান, স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার (৯ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্র সচিব পল কাপুরের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় খলিলুর রহমান যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানি বৃদ্ধি পেলে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেন।
সাম্প্রতিক ভিসা বন্ড নীতির প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ সহজীকরণের আহ্বান জানিয়ে তিনি বিশেষভাবে স্বল্পমেয়াদি ব্যবসায়িক বি-১ ভিসার ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করেন।
এ বিষয়ে অ্যালিসন হুকার বলেন, যুক্তরাষ্ট্র সরকার বিষয়টি স্বীকার করছে এবং তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
এ ছাড়া ওয়াশিংটন সফরের অংশ হিসেবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথ গ্রহণ অনুষ্ঠানেও অংশ নেন।










