প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ নেই, শিগগিরই ফল প্রকাশ: প্রাথমিক শিক্ষা অধিদফতর।
- আপডেট সময় : ০৮:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ১৪৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট | ১২ জানুয়ারি ২০২৬:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। একই সঙ্গে পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে মোহাম্মদ সামছুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, প্রশ্নফাঁস, অনিয়ম কিংবা কর্তৃপক্ষের দায়িত্বহীনতার অভিযোগ উঠলেও তদন্তে এসব অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল দ্রুত প্রকাশের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর সক্রিয়ভাবে কাজ করছে। পাশাপাশি প্রশ্নফাঁস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে যে গুজব ছড়ানো হচ্ছে, সে বিষয়ে সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, প্রশ্নফাঁস ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জালিয়াতির অভিযোগ তুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে সম্প্রতি একদল নিয়োগপ্রত্যাশী বিক্ষোভ ও সমাবেশ করেন। আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর।
আন্দোলনকারীদের দাবির মধ্যে ছিল—
-
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা গ্রহণ
-
সব চাকরির পরীক্ষা ঢাকায় আয়োজন
-
প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার স্থাপন
-
স্বতন্ত্র কমিটির অধীনে সব পরীক্ষা গ্রহণ
-
একই দিনে একাধিক পরীক্ষা না নেওয়া
-
পূর্বে প্রশ্নফাঁসের অভিযোগ থাকা প্রতিষ্ঠানকে প্রশ্ন প্রণয়নের দায়িত্ব না দেওয়া
-
প্রশ্নফাঁস প্রমাণিত হলে সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা
তবে তদন্ত শেষে প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, এসব অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ফলে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।










