আজ পবিত্র জুমাতুল বিদা, ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হবে সারাদেশে
- আপডেট সময় : ০৮:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ১২৭ বার পড়া হয়েছে

ঢাকা প্রতিনিধি: আজ ২০ মার্চ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।
আরবি ‘বিদা’ শব্দের অর্থ বিদায়। সে অর্থে ‘জুমাতুল বিদা’ বলতে রমজান মাসের শেষ শুক্রবারকে বোঝায়। এদিন রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজে অংশ নেবেন।
জুমার নামাজের আগে খতিব ও আলেমরা জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে আলোচনা করবেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
ইসলামে রমজান মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস হিসেবে বিবেচনা করা হয়। হাদিসে হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসূল (সা.) বলেছেন—রমজান মাস এলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয় (বুখারি, মুসলিম)।
মুসলমানদের কাছে রমজান মাস আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। জুমাতুল বিদার মধ্য দিয়ে এই পবিত্র মাসের শেষ পর্যায়ে পৌঁছানোর অনুভূতি প্রকাশ পায়।










