১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে আজকের চূড়ান্ত ঘোষণা স্থগিত
- আপডেট সময় : ১০:০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ১১৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট | ১৪ জানুয়ারি ২০২৬:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের মধ্যে আসন সমঝোতা বিষয়ে আজ চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (দ্বিতীয় তলা) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়ার কথা ছিল।
সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় আসন সমঝোতা জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, “আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিতব্য ১১ দলীয় জোটের ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।”
তবে সংবাদ সম্মেলন স্থগিতের নির্দিষ্ট কারণ কিংবা নতুন তারিখ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। জোট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরবর্তীতে সুবিধাজনক সময়ে নতুন তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
আসন সমঝোতা নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহল চললেও চূড়ান্ত ঘোষণার স্থগিত হওয়ায় বিষয়টি নিয়ে আগ্রহ আরও বেড়েছে।










