গাইবান্ধায় শিশু নির্যা’তন ও বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ শুরু
- আপডেট সময় : ০৬:২৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১০২ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: শিশু নির্যাতন প্রতিরোধ ও বাল্যবিবাহ বন্ধে ধর্মীয় নেতাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে গাইবান্ধায় দুইদিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
গত বুধবার সকাল ১০টায় গাইবান্ধা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গাইবান্ধা জেলার এরিয়া প্রোগ্রাম ম্যানেজার নরেশ মারান্দি এবং জেলা প্রজেক্ট অফিসার মোছা. রেখা বেগম।
প্রশিক্ষণে শিশুদের নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক ও সহিংসতা বিরোধী সচেতনতা, নৈতিক শিক্ষা এবং সামাজিক দায়বদ্ধতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেলা প্রজেক্ট অফিসার মোছা. রেখা বেগম বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন।
বক্তারা বলেন, সমাজ পরিবর্তনে ধর্মীয় নেতা ও শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিশু-কিশোরদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
প্রশিক্ষণে অংশ নেওয়া ৫০ জন অংশগ্রহণকারীকে নিজ নিজ এলাকায় সচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
আগামী বৃহস্পতিবার (১৪ মে) দুইদিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে।










