পাকিস্তান–সৌদি প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের যোগদানের আগ্রহ প্রকাশ।
- আপডেট সময় : ০৮:৪৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / ১১৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :
পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে তুরস্ক যুক্ত হতে আগ্রহী বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ। এ উদ্যোগ বাস্তবায়িত হলে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ককে নিয়ে একটি নতুন ত্রিপক্ষীয় নিরাপত্তা জোট গড়ে উঠতে পারে, যা মধ্যপ্রাচ্যসহ আশপাশের অঞ্চলের শক্তির ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে তুরস্কের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে এবং শিগগিরই চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। চুক্তির মূল ধারায় বলা হয়েছে, কোনো একটি দেশের ওপর হামলা হলে তা উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।
বিশ্লেষকদের মতে, বর্তমানে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে তুরস্কের কৌশলগত স্বার্থ পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে ক্রমশ মিলছে। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ভবিষ্যৎ ভূমিকা নিয়ে অনিশ্চয়তা বাড়ায় আঙ্কারা নিজস্ব নিরাপত্তা কাঠামো জোরদার করতে আগ্রহী হয়ে উঠেছে।
সম্ভাব্য এই জোটে সৌদি আরবের অর্থনৈতিক শক্তি, পাকিস্তানের পারমাণবিক ও সামরিক সক্ষমতা এবং তুরস্কের আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি একত্রিত হতে পারে। তবে এমন একটি জোট ইরান, ইসরায়েল, ভারত ও আফগানিস্তানের জন্য নতুন কৌশলগত উদ্বেগ সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে এখন পর্যন্ত পাকিস্তান, তুরস্ক কিংবা সৌদি আরবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।










