প্রধান উপদেষ্টার নিকট পদত্যাগপত্র জমা দিলেন দুই উপদেষ্টা
- আপডেট সময় : ০৪:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ১৭৪ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার নিকট পদত্যাগপত্র জমা দিলেন দুই উপদেষ্টা
নিজস্ব প্রতিনিধি:
অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন।
১০ডিসেম্বর বুধবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাঁরা পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাঁদের পদত্যাগ কার্যকর হবে। তফসিল ঘোষণাকে সামনে রেখে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই দুই তরুণ উপদেষ্টা।
জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্রনেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন,
“অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ, তা জাতি মনে রাখবে।”
তিনি আরও বলেন,
“অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা ভূমিকা রাখবে।”
পদত্যাগপত্র গ্রহণ করে দুই উপদেষ্টার ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন,
“এটি একটি রূপান্তর মাত্র। আগামী দিনে বৃহত্তর পরিসরে তোমরা আরও বড় অবদান রাখবে বলে আমার বিশ্বাস। সরকারের অভিজ্ঞতা তোমাদের ভবিষ্যৎ জীবনে অবশ্যই সহায়ক হবে।”
অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে দুই তরুণ উপদেষ্টার পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাদের বিদায়কে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা।










