গাইবান্ধার সাদুল্লাপুরে দুই ছিনতাইকারী গণপিটুনিতে নি*হত।
- আপডেট সময় : ০৯:০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী গণপিটুনিতে দুইজন নি*হত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া করে। এ সময় মোটরসাইকেলে করে দ্রুত পালানোর চেষ্টা করতে গিয়ে তারা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছানোর সময় এলাকাবাসী রাস্তায় বাস দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে মোটরসাইকেলটি থামিয়ে দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়।
এ ঘটনায় একজন পালিয়ে যেতে সক্ষম হলেও অপর দুইজনকে আটক করে স্থানীয়রা মারধর করে। এতে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নি*হতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নি*হতদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব মুঠোফোনে জানান, ঘটনাস্থল থেকে দুটি মরদেহ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নি*হতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।










