প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:৪৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ১৪৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক প্রবাসীর স্ত্রীকে নির্যাতন এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে নাইম হোসেন (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে উপজেলার বাগদা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাইম হোসেন উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের লালপুকুর মোল্লাপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তিনি পেশায় পান ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে ওই গৃহবধূর সঙ্গে নাইমের পরিচয় হয়। এরপর থেকে তিনি বিভিন্নভাবে প্রলোভন ও অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত বছরের ৪ এপ্রিল গভীর রাতে কৌশলে ওই গৃহবধূকে নির্যাতন করেন এবং গোপনে তা মোবাইল ফোনে ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীকে একাধিকবার নির্যাতন করা হয় এবং বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করে প্রায় ৫ লাখ টাকা আদায় করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, মামলার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।










